মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনালাপ করেছেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-০৩ ১১:১৬:০৮
image

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনালাপ করেছেন। গত বছর নভেম্বরে বৈঠকের পর মঙ্গলবার (২ এপ্রিল) তাদের মধ্যে সরাসরি ফোনালাপ হয়। 
প্রায় দুই ঘণ্টার এই ফোনালাপে, বাইডেন তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা এবং দক্ষিণ চীন সাগরে আইনের শাসন ও অবাধ যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়াকে চীনের সমর্থনের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। এছাড়া বাণিজ্যিক চর্চা, জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘন এবং কোরীয় উপদ্বীপকে পারমাণবিক মুক্ত করা নিয়ে কথা হয় তাদের।
গত নভেম্বরে সরাসরি বৈঠক করেছিলেন বাইডেন ও শি। এসময় তারা সামরিক যোগাযোগ পুনরায় চালু ও ফেন্টানিল উৎপাদন কমাতে সহেযাগিতায় একমত হয়েছিলেন। ২০২২ সালের জুলাই মাসের পর দুই নেতা ফোনালাপ করেননি। নভেম্বরের বৈঠকের পর বাইডেন সাংবাদিকদের বলেছিলেন, শি যে একজন স্বৈরশাসক, এই বিষয়ে নিজের অবস্থান পাল্টায়নি তার। এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিল চীন।