হেমায়েতপুরে তেলের ট্যাংকার উল্টে ৫টি গাড়িতে আগুন, একজনের মৃত্যু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-০২ ১০:১৩:২৩
image

আজ মঙ্গলবার সাভারে হেমায়েতপুরে তেলের ট্যাংকার উল্টে সড়কের চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এ সময় একজনের মৃত্যু ও তিনজন দগ্ধ হয়েছেন। এই ঘটনায় হতাহতদের পরিচয় এখনো মেলেনি। 
ভোরে ঢাকা আরিচা মহাসড়কের জোড় পুলের অদূরে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে বন্ধ রয়েছে ঢাকা আরিচা মহাসড়কের যানবাহন চলাচল। 
প্রত্যক্ষদর্শীরা জানান ভোর পাঁচটা ৩৫ মিনিটে তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দেয়, এসময় লরিটিতে আগুন ধরে যায়। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। লরির পেছনে আটকে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেট কারে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি এ্যাম্বুলেন্স ও দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
এ সময় হতাহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 
দগ্ধদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুত্ব।