রোববার (৩১ মার্চ) মাত্র ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। চার জনের মৃত্যু হয়েছে বলে খবর দিয়েছে আনন্দবাজার অনলাইন।
খবররে বলা হয়েছে, বহু গাছ উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিকেলের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ি। যে চার জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দু’জন জলপাইগুড়ি শহরের বাসিন্দা। এক জন গোসালা মোড়ের বাসিন্দা। আর এক জন সেন পাড়া। বাকি দু’জন ময়নাগুড়ির বার্নিশ এলাকার বাসিন্দা। চার জনের মধ্যে তিন জন পুরুষ ও এক মহিলা।
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা ও ময়নাগুড়ি এলাকার ডেঙ্গুয়াঝাড় চা-বাগান ও ধূপগুড়ি। অনেকেই আহত। ঘরদোর লন্ডভন্ড হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু।
উত্তরবঙ্গে আগামী দু’-তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাস আগেই দিয়েছিল ভারতের আবহাওয়া দফতর।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।