গাজার আল-শিফা হাসপাতালে ইসরাইলের ১৩ দিনের হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে রয়েছে রোগী, বাস্তুচ্যুত নাগরিক ও স্বাস্থ্যসেবা কর্মী। গাজার সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে দু:খ প্রকাশ করে বলা হয়, আল-শিফা হাসপাতাল এবং এর আশেপাশে দখলদার সেনাবাহিনীর আক্রমণের ১৩ দিন পার হয়ে গেছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় নীরব ভূমিকা পালন করছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের সেনাবাহিনী হাসপাতালের আশেপাশের এক হাজার ৫০টি বাড়ি টার্গেট করে হামলা চালাচ্ছে। আমরা গণহত্যার অপরাধের জন্য যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক সম্প্রদায় এবং কিছু ইউরোপীয় দেশ এবং দখলদার শাসকগোষ্ঠীকে দায়ী মনে করি। ইসরাইলী সেনাবাহিনী এখনও ১০৭ জন রোগীকে হাসপাতালে অমানবিক অবস্থায় জিম্মি করে রেখেছে এবং আল-শিফা হাসপাতালের আশেপাশে ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে।
অন্যদিকে, কামাল আদওয়ান হাসপাতালের প্রধান বলেছেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়তে চলেছে। সেখানকার চিকিৎসা কর্মীরা খুব কঠিন পরিস্থিতিতে কাজ করছেন। হাসপাতালটি অসুস্থ এবং গুরুতর আহত রোগীদের দ্বারা পরিপূর্ণ। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নেই। তা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করে যাচ্ছে।