গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউ এস এর উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য বিতরণ

  • গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৪-০৩-৩০ ২১:০০:১৩
image

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউ এস এর উদ্যোগে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২ ঘটিকার সময় গোলাপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে আয়োজিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউএসএ'র সিনিয়র সদস্য শাহাত মাহমুদের সভাপতিত্বে ও বাংলাদেশ সমন্বয়কারী মাসহুদুল হুদা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ ও সমাজসেবী হিফজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা সুদূর প্রবাস জীবনে থেকেও গোলাপগঞ্জের মাটি ও মানুষের কথা চিন্তা করে গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস এর এই ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য তাদের প্রতি ধন্যবাদ জানান। বক্তারা বলেন গত ৮ বছর থেকে দেশের প্রতিটি সংকটে ও রমজান মাসে গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউএসএ যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। এ সময় তারা সাধারণ সহযোগিতার পাশাপাশি দরিদ্র অসহায় দুঃস্থ মানুষকে স্বাবলম্ভী করার প্রোগ্রাম গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে বিতরণের জন্য খেজুর, চাল, ডাল সহ ২৫ কেজি ওজনের  ১৬ টি আইটেম সমৃদ্ধ  ফুডপ্যাক বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।