অর্থ জালিয়াতির দায়ে ‘ক্রিপ্টো কিং’ ফ্রেইডের ২৫ বছরের কারাদণ্ড

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-৩০ ০৯:১৬:০১
image

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮শে মার্চ) যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি আদালত অর্থ জালিয়াতির দায়ে ‘ক্রিপ্টো কিং’ হিসেবে পরিচিত স্যাম ব্যাংকম্যান ফ্রেইডকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে।  
যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় আর্থিক জালিয়াতিতে দেউলিয়া হয়ে পড়েছিল এই ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। সহপ্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রাইডের বিরুদ্ধে এই এক্সচেঞ্জের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ৮০০ কোটি ডলার চুরির অভিযোগ ছিল। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় এই কারাদণ্ড দিল দেশটির একটি আদালত।
ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্স প্রতিষ্ঠা করে ৩০ বছর বয়সের মধ্যেই ব্যাপক প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন স্যাম ব্যাংকম্যান-ফ্রাইড। রীতিমতো ‘ক্রিপ্টো কিং’ তকমা পেয়ে যান। ব্যাংকম্যানের তরতর করে সেই উত্থানের পতন হলো শেষ পর্যন্ত কারাদণ্ডে।
২০২২ সালে এফটিএক্সের আচমকা পতনের আগ পর্যন্ত ব্যাংকম্যান-ফ্রাইড ক্রিপ্টোকারেন্সির হাই প্রোফাইল চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত ছিলেন। কিন্তু এফটিএক্সের পতনের পর খুব দ্রুতই পরিস্থিতি বদলে যায়।
মামলার শুনানিতে ফ্রাইড দাবি করেছিলেন, এফটিএক্সের গ্রাহকরা প্রকৃতপক্ষে অর্থ হারাননি। কিন্তু আদালত তার এ দাবি গ্রহণ করেননি। বিচার চলাকালে স্বীকারোক্তিতেও ফ্রাইডের মিথ্যাচারের প্রমাণ আদালত পেয়েছেন।
২০২২ সালে যখন এফটিএক্সের পতন নয়, তখন ফ্রাইডের বিরুদ্ধে জালিয়াতি ও ষড়যন্ত্রের মাধ্যমে গ্রাহকদের শত শত কোটি ডলার লুটে নেওয়ার বিভিন্ন অভিযোগ ওঠে। ফ্রাইডের কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় আর্থিক প্রতারণা বলে অভিহিত করেন তদন্তকারী কর্মকর্তারা। গত বছরের ২ নভেম্বর এ রকম সুনির্দিষ্ট সাতটি অভিযোগে ফ্রাইডকে দোষী সাব্যস্ত করেছিলেন একজন বিচারক।