বাংলাদেশে এক জন মাানুষ গড়ে বছরে ৮২ কেজি খাবার অপচয় করে-জাতিসংঘ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-২৯ ১০:৪০:২৯
image

জাতিসংঘের ‘খাবার অপচয় সূচক প্রতিবেদন ২০২৪’ শীর্ষক এক প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে এক জন মাানুষ গড়ে বছরে ৮২ কেজি খাবার অপচয় করে। যা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়ার চাইতেও বেশি। প্রতিবেদনটি জানায়, বিশ্বে ২০২২ সালে মোট অপচয় হওয়া খাবারের পরিমাণ ১০০ কোটি টনের বেশি। এটা ওই বছরে বাজারে প্রবেশ করা মোট খাদ্যের বিশ শতাংশ। খাবারের এ অপচয়কে ‘বৈশ্বিক ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে বাসাবাড়িতে একজন ব্যক্তি বছরে গড়ে সবচেয়ে বেশি খাবার অপচয় করে মালদ্বীপে—২০৭ কেজি। বিপরীতে সবচেয়ে কম খাবার নষ্ট হয় মঙ্গোলিয়ায়—১৮ কেজি।
বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তানে গড় খাবার অপচয় হয় ১৩০ কেজি, নেপালে ৯৩ কেজি, মিয়ানমারে ৭৮ কেজি, শ্রীলঙ্কায় ৭৬ কেজি, ও ভারতে ৫৫ কেজি। কাছাকাছি দেশগুলোর মধ্যে সবচেয়ে কম অপচয় হয়েছে ভুটানে - ১৯ কেজি।
সূচক অনুযায়ী, যুক্তরাষ্ট্রে একজন ব্যক্তি গড়ে বছরে খাবার অপচয় করেন ৭৩ কেজি। যুক্তরাজ্যের তা ৭৬ কেজি। চীনের ক্ষেত্রেও হিসাবটা একই। তবে তুলনামূলক কম অপচয় হয়েছে রাশিয়ায়—৩৩ কেজি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে অপচয় হওয়া খাবারের ৬০ শতাংশই বাসাবাড়ির। এর পরিমাণ ৬৩ কোটি ১০ লাখ টন। ২৮ শতাংশ অপচয় হয়েছে রেস্তোরাঁ, ক্যানটিন ও হোটেলের মতো খাদ্য পরিষেবা ব্যবস্থাগুলোয়। কসাই ও মুদিদোকানে অপচয় হয়েছে ১২ শতাংশ খাবার।
বিশ্বে খাবারের অপচয় নিয়ে জাতিসংঘের সংকলিত দ্বিতীয় প্রতিবেদন এটি। এটি তৈরিতে জাতিসংঘকে সহযোগিতা করেছে অলাভজনক সংস্থা ডব্লিউআরএপি। প্রতিবেদনটি এখন পর্যন্ত খাবার অপচয়ের সবচেয়ে পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেছে।
ডব্লিউআরএপির কর্মকর্তা রিচার্ড সোয়ানেল বলেন, ‘এটা আমাকে হতভম্ব করে দিয়েছে। আসলে বছরের প্রতিদিন এক বেলায় যত খাবার নষ্ট হয়, তা দিয়ে বর্তমানে অনাহারে থাকা প্রায় ৮০ কোটি মানুষের সবাইকে খাওয়ানো সম্ভব।’