বয়স্কদের জন্য ডায়াপর তৈরির ঘোষণা দিয়েছে জাপানের একটি কোম্পানী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-২৭ ২২:৫১:২৩
image

বয়স্কদের জন্য ডায়াপর তৈরির ঘোষণা দিয়েছে জাপানের একটি কোম্পানী। জন্মহার ব্যাপকহারে কমে যাওয়ায় শিশুদের ডায়াপার তৈরি বন্ধ করে এ সিদ্ধান্ত নিয়েছে ওজি হোল্ডিংস নামের একটি কোম্পানী। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
গত বছর দেশটিতে জন্মহার ছিল ১৯ শতকের পর সর্বনিম্ন, উল্টোদিকে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। দেশটিতে ৮০ বছরের বেশী বয়সী মানুষের সংখ্যা মোট জনগোষ্ঠীর ১০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। স্বভাবতই শিশুদের ডায়পারের চাহিদা কমছে এবং বয়স্কদের জন্য ডায়পারের চাহিদা বাড়ছে। শিশুদের বদলে বয়স্কদের ডায়পার তৈরির দিকে ঝুঁকছে কোম্পানিগুলো। 
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে জাপানে ৭ লাখ ৫৮ হাজার ৬৩১টি শিশু জন্ম নিয়েছে, যা গত বছরের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ কম। অথচ ১৯৭০-এর দশকে দেশটিতে বছরে ২০ লাখেরও বেশি শিশু জন্ম নিত। 
ওজি হোল্ডিংসের সহযোগী সংস্থা ওজি নেপিয়া বছরে শিশুদের ৪০ কোটি ডায়পার তৈরি করে। ২০০১ সাল থেকে শিশুদের ডায়পার উৎপাদন কমতে শুরু করে। ওই বছরই কোম্পানিটি সর্বোচ্চসংখ্যক, অর্থাৎ ৭০ কোটি ডায়পার তৈরি করে। এর পর থেকে তা কমতে শুরু করে। জাপানে এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক জনগোষ্ঠীর বাস। আর তাই ক্রমেই বেড়ে উঠছে বয়স্কদের ডায়পারের বাজার। যার বাজারের আকার ২০০ কোটি ডলার। দেশটির ৩০ শতাংশেরই বয়স ৬৫ বছরের বেশি।