ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের তথ্যমতে , ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও দুটি হাসপাতাল ঘিরে অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। মৃত্যু ঝুঁকিতে হাসপাতালে কর্মী ও রোগীদের পাশাপাশি বাস্তুচ্যুত মানুষরা।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গাজার খান ইউনিসে ব্যাপক বোমাবর্ষণ ও গোলা নিক্ষেপ করছে ইসরাইলি বাহিনী। এর মধ্যেই তারা ট্যাংক নিয়ে আল-আমল ও আল-নাসর হাসপাতালে হামলা শুরু করেছে। এতে রেড ক্রিসেন্টের এক কর্মী নিহত হয়েছে।
দাতব্য সংস্থাটি বলছে, আল-আমাল হাসপাতালে ইসরাইলি সেনারা বুলডোজার দিয়ে অভিযান চালাচ্ছে। আমাদের সব কর্মী বিপজ্জনক ঝুঁকিতে রয়েছেন। কারণ তাদের বের করে আনা সম্ভব হচ্ছে না।
খান ইউনিসের বাসিন্দারা বলছেন, ইসরাইলি ট্যাংক আল-নাসর হাসপাতালের দিকে গেছে। এ সময় বোমাবর্ষণ ও ব্যাপক গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা।
গত সপ্তাহ থেকে গাজার আল-শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরাইল। সেখান থেকে ৪৮০ জনকে গ্রেপ্তার করেছে তারা।
ইসরাইলি সেনাদের দাবি, গাজার হাসপাতালগুলোকে হামাসের যোদ্ধারা তাদের অস্ত্র রাখার ও হামলা চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। কিন্তু তাদের এ দাবি প্রত্যাখ্যান করে আসছে হামাস ও হাসপাতালের চিকিৎসকরা।