হাবিবকে ফাঁকা মাঠে ছেড়ে দিচ্ছেন না শফি
- নিউজ ডেস্ক:
-
২০২১-০৬-১৩ ০৫:৫৬:৩৫
নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে ফাঁকা মাঠে ছেড়ে দিচ্ছেন না ওই আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী।
বিএনপি দলগতভাবে নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় ওই নেতা। যুক্তরাষ্ট্র থেকে ফিরে মঙ্গলবার (১৫ জুন) তিনি মনোনয়নপত্র জমা দিবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব রাজু আহমেদ।
রাজু আহমেদ জানান, শফি আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এজন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন। আগামীকাল সোমবার তিনি ঢাকায় পৌঁছাবেন। পরদিন সিলেট এসে মনোনয়নপত্র দাখিল করবেন। তার পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করে তা পূরণ করে জমার দেয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানান রাজু।
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন শফি আহমদ চৌধুরী। এই অবস্থায় নির্বাচনের তফশিল ঘোষণা হলে তিনি নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা পোষন করেন। তাঁর দল বিএনপি নির্বাচন বর্জন করলেও তিনি তার অনুসারী ও শুভাকাঙ্খিদের স্বতন্ত্র হিসেবে নিজে প্রার্থী হওয়ার বিষয়টি জানান।
শফি আহমদ চৌধুরী ২০০১ সালে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সিলেট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের কাছে ধরাশায়ী হন।
গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। তাঁর মৃত্যুতে আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৮ জুলাই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।