প্রখ্যাত সমাজবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ-কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, অধ্যাপক ড. জিয়া রহমান একজন নিবেদিত প্রাণ ও প্রগতিশীল শিক্ষক নেতা ছিলেন। তিনি একজন সক্রিয় শিক্ষক নেতা হিসাবে বাংলাদেশের শিক্ষকদের অধিকার আদায়ে এবং একমুখী, অসাম্প্রদায়িক ও বিজ্ঞানমনস্ক শিক্ষার আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন খ্যাতিমান শিক্ষাবিদকে হারালো। তাঁরা এই শিক্ষকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক ড. জিয়া রহমান বাকবিশিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাবেক প্রভোস্ট, অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি শনিবার (২৩ মার্চ) ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।