ক্যান্সারের জীবাণু ধরা পড়েছে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের শরীরে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-২৩ ০৯:৪৬:৪৮
image

প্রিন্সেস অব ওয়েলস ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের (৪২) শরীরে ক্যান্সারের জীবাণু ধরা পড়েছে। শুক্রবার (২২শে মার্চ) দেওয়া এক ভিডিও বার্তায় কেট মিডলটন নিজেই তার ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান। 
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে কেমোথেরাপি চলছে কেট মিডলটনের। তিনি সুস্থ আছেন। 
ভিডিও বার্তায় কেট জানিয়েছেন, গত জানুয়ারি মাসে তার পেটে একটি সার্জারি হয়েছিল। এরপর তার কিছু মেডিকেল টেস্ট হয়। সেসব টেস্টের রিপোর্টে জানা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। আমার মেডিকেল টিম পরামর্শ দিয়েছে, আমাকে প্রতিরোধমূলক কেমোথেরাপির একটি কোর্স সম্পন্ন করা উচিত এবং আমি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছি।’ 
কেট মিডলটনের অফিস বলছে, জানুয়ারি মাসে তার যে সার্জারিটি হয়েছিল, তা ক্যানসার সংক্রান্ত ছিল না। সেই সার্জারি করার পর কেট মিডলটনের বেশ কিছু টেস্ট হয়। আর সেই টেস্টেই ধরা পড়ে ক্যান্সাারের খবরটি। 
এর আগে গত ফেব্রুয়ারি মাসে খবর এসেছিল, রাজা তৃতীয় চার্লস ক্যানসারে আক্রান্ত। আর এর জেরে রাজ-দায়িত্ব থেকেও সেসময় তাকে বেশ কিছুটা বিরতি নিতে হয়েছিল। এখন খবর এলো কেট মিডলটনের ক্যান্সারে আক্রান্তের।