কারওয়ান বাজারে নামা যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-২০ ২১:৪৭:৫২
image

এখন থেকে কারওয়ান বাজারে নামা যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে। আজ এই নামার পথটি খুলে দেয়া হয়েছে। এটি নেমেছে এফডিসির গেটের কাছে। 
বুধবার এই সড়কটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি জানান, আগামী বছরের শুরুতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরোটাই চালু হবে। আর চলতি বছরের ডিসেম্বরে বিআরটি প্রকল্প পুরোপুরি চালু হবে। 
গত এক বছর ধরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক সুবিধা ভোগ করছে রাজধানীবাসী। বিমানবন্দরের সামনে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত সাড়ে এগারো কিলোমিটার উড়ালপথ ব্যবহার করে এতদিন ১৫টি স্থানে ওঠানামা করেছে যানবাহন। এখন নিচে নামার আরো একটি পথ খুলে দেয়া হলো। এই পথটি নেমেছে কারওয়ানবাজারে। এই পথ ব্যবহার করে সুবিধা পাবে হাতিরঝিল, তেজগাঁও, মগবাজার ও কারওয়ান বাজার এলাকায় চলাচলকারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ওবায়দুল কাদের জানান, রাজধানীবাসীকে যানজট থেকে স্বস্তি দিতে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ হতে আরো কিছুদিন সময় লাগবে।
বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রাানজিট বিআরটি প্রকল্পটিও এ বছরের ডিসেম্বরে পূর্ণাঙ্গভাবে চালু হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
সড়ক পথে মানুষকে স্বস্তি দিতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানান সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।