ঈদের আগে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শতভাগ বোনাস দাবি বাকবিশিস'র
- হাসান মেহেদী:
-
২০২৪-০৩-১৮ ১৬:০১:০৬
ঈদের আগেই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব বোনাস দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। একইসাথে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য নিরসনের দাবি জানায় শিক্ষক সংগঠনটি। আজ (সোমবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় একমুখী, সার্বজনীন, অসাম্প্রদায়িক ও বিজ্ঞানমনস্ক শিক্ষাব্যবস্থা চালুর মধ্যদিয়েই শিক্ষাক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলন সম্ভব। শিক্ষক নেতারা উল্লেখ করেন, বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবার আগে শিক্ষকদের আর্থিক সমস্যার সমাধান ও সামাজিক মর্যাদা সুনিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো দাবি জানানো হয়- বেসরকারি শিক্ষকদের সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের অনুরূপ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা দিতে হবে। এছাড়া এনটিআরসি-এর মাধ্যমে শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রতা বন্ধের জন্য পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে 'প্যানেল' গঠন করা ও পদ শূণ্য হওয়ার সাথে সাথে নিয়োগ প্রদানের ব্যবস্থা করার দাবি জানানো হয়।