হা রু ন আ ল না সি ফ

  • পেন্সিলে আঁকা পথরেখা
  • ২০২৪-০৩-১৪ ২২:১৪:৪৬
image

মাঝে মাঝে পথকে পথ মনে হয় না।
কাঁটা বিঁধে: এপথ কোন পথ?
কোন প্রতিগন্তব্যে মিশেছে এ পথের 
প্রান্তবিন্দু? 
কোন অক্ষে তার স্থানাঙ্ক কতো?

পথ মানেই কি পদচিহ্ন আঁকা,
ছক-আঁটা গন্তব্যের মোহিনী ইশারা?
পদচ্যুুতিই তবে কি পথচ্যুতি, স্খলন?
পথিকের পা ছাড়া পথরেখা আঁকার
আর কোনো তুলির কথা কে, কোথায়,
কখন শুনেছে? 

না কি কোনো খ্যাপা সালভাদর 
রঙ ঢেলে এঁকেছে দিকভ্রান্ত ক্যানভাসে 
অনেতিহাসের গলে পড়া সময়ে
পথের মায়াবী মোহনা
হেলাচ্ছলে, উদভ্রান্ত পদচ্ছাপে?

নামজাদা পথের আলাভোলা ভূগোল
আর তার রঙচঙা চিত্রমালার 
কলেবর থেকে বেরিয়ে 
সস্তা, ভোঁতা আর ভাঙা পেন্সিল
দিয়ে আঁকা এক একাকী পথের স্কেচ
আর একলা পথিক একাকার...