গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার একটি বাসায় অন্তত: ৩৫ জন দগ্ধ হয়েছেন। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগুনে দগ্ধ কেউ শঙ্কামুক্ত নন। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ইফতারের ঠিক আগ মুহুর্তে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুনে দগ্ধ হন ৩৫ জন। দগ্ধদের মধ্যে একই পরিবারের ৫জন রয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে পরে তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
দুর্ঘটনায় দগ্ধদের হাসপাতালে দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারসামন্ত লাল সেন। তিনি বলেন, ৭ শিশুসহ আহত ৩৫ জনের কেউ শঙ্কামুক্ত না। এদের মধ্যে ৮ থেকে ১০ জনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানালেন,রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলে আরেকটি সিলিন্ডারে সংযোগ দেয়ার সময় লিকেজ হয়। এ অবস্থায় সিলিন্ডারটি রাস্তায় ফেলে দেয়া হয়। রাস্তার পাশে অনেকে মাটির চুলায় রান্না করছিলেন। সেই আগুন থেকে বিস্ফোরণ ঘটলে আশপাশে অন্তত: ৩৫ জন দগ্ধ হন।