শে লী না জ

  • পুরুষের প্রেম
  • ২০২৪-০৩-১১ ২২:৫৫:৫২
image

মিথ্যার মেশিন থেকে ক্লান্তিহীন গড়িয়ে পড়ছে 
পুরুষ, তোমার প্রেম, ট্যাঙ্ক খালি আর পূর্ণ হচ্ছে
মিথ্যাশ্রমে পুন পুন নির্মাণ করছ দেবীমূর্তি
উৎফুল্ল ইঞ্জিনের বুক, ধকধক, ঘর্ঘর কাঁপছে
প্রস্তরে গড়ছ তক্ষশীলা, লীলাজল কি মধুর প্রবাহিত
অলিভবর্ণ নাইটি পরেছে যে বৃক্ষ, তার নীরব সঙ্গীতও
না জেনেই তুমি চালান করেছ তোমার কুঠার
সকল রন্ধ্রেই তার ঢেলে দিলে বর্জ্য, ক্ষার

তোমার জন্তুটি ঋজু, শিখিয়েছ চুম্বনের আগে
নমিত কুর্নিশ, জানে বিষকুম্ভ উদয়াস্তরাগে 
কীভাবে হানতে হয় উন্মুখ পরাগে, দৈববশে 
প্রেমে পড়ি, মেশিনের কলকব্জা আমাকে আবেশে
ধরে রাখে, গিলে ফেলে, অতঃপর রেতঃপাত
আমি চোখ বুজে তখনও নিতে থাকি মিথ্যের প্রপাত!