ডিইউজে দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সমান ভোট পেয়ে ২ জোন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-১১ ২১:৩৭:৪৬
image

সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সমান ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আক্তার হোসেন। সভাপতি পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ার কারণে তারা পালাক্রমে এক বছর করে দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৮১২ ভোট। সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন ৬৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ জিহাদুর রহমান জিহাদ পেয়েছেন ৫৯২ ভোট। সোমবার (১১ই মার্চ) রাতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে নজরুল ইসলাম মিঠু ৭৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসলাম সানী পেয়েছেন ৫৮৬ ভোট। সহ-সভাপতি পদে ইব্রাহিম খলিল খোকন ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাঁধন কুমার সরকার পেয়েছেন ৪৮৪ ভোট। যুগ্ম সম্পাদক পদে মো. শাহজাহান মিঞা ৫১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান পেয়েছেন ৫১২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে গোলাম মুজতবা ধ্রুব ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজু হামিদ পেয়েছেন ৪৮০ ভোট। এছাড়া দপ্তর সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কোষাধ্যক্ষ পদে সোহেলী চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ মামুন শেখ, আইনবিষয়ক সম্পাদক পদে আসাদুর রহমান, নারী বিষয়ক সম্পাদক পদে সুমি খান, কল্যাণ সম্পাদক পদে শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুলাল খান বিজয়ী হয়েছেন।
এর আগে সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাত সোয়া ৯টায় ভোটের ফল ঘোষণা করা হয়।