ভোলাহাটে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রিক্সাভ্যান আরোহি মাছ ব্যবসায়ী নিহত

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৩-১১ ১৮:০৬:৪৪
image
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রিক্সাভ্যান আরোহি মাছ ব্যবসায়ী মহিদুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালক। তাঁকে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয়রা ও পুলিশ জানায়,সোমবার(১১মার্চ) সকাল পৌনে ৯টার দিকে জামবাড়িয়া ইউনিযনের বড়গাছি কলেজ এলাকায় ভোলাহাট থেকে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটগামী আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে আহত হন মহিদুল। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১১টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মহিদুল ভোলাহাটের জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি ফতেপুর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে। ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাক ছেড়ে পালিয়ে গেলে পুলিশ ট্রাকটি (নং-ঢাকা মেট্রো-ট-২২-৭৮১৯) জব্দ করে থানায় নিয়ে যায়। ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন বলেন,বড়গাছি কলেজের সামনের সড়কের বাঁকে ভোলাহাট সদরের দিকে আসা ট্রাকটির সাথে বিপরীতে শিবগঞ্জের গোলাপবাজারের দিকে যাওয়া মাছবাহী ভ্যানটির সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক সরিয়ে সড়ক চলাচল উপযোগি করে। পরে মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।