আজ রোববার (১০ মার্চ) নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলার মেয়েরা।
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল খেয়ে বসে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে মরিয়মের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়া ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়। এতে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। যেখানে ভারতকে (৩-২) গোলে কাঁদিয়ে শিরোপা উচ্ছ্বাসে মাতে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
তবে টাইব্রেকারে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম শটটি নিয়েছিলেন দলের ‘ভরসা’ সুরভী। বামপাশে ঝাপিয়ে পড়ে তা ফিরিয়ে দেন ভারতীয় গোলরক্ষক। অন্যদিকে ভারত প্রথম শটেই গোল আদায় করে নেয়। টাইব্রেকারে বাংলাদেশের জয়ের নায়ক গোলরক্ষক ইয়ারজান বেগম। ভারতের দ্বিতীয় ও তৃতীয় শট টানা সেভ করে বাংলাদেশকে ম্যাচে রাখেন ইয়ারজান বেগম। পক্ষান্তরে মারিয়াম ও থুইনি মারমা গোল করলে বাংলাদেশ ২-১ এর লিড পায়। ভারত চতুর্থ শটে গোল করলে স্কোরলাইনে আবার সমতা হয়। বাংলাদেশের পঞ্চম শটে সাথী মুন্ডা গোল করেন। ভারতকে খেলায় টিকে থাকতে হলে পঞ্চম শটে গোল করতেই হতো।বাংলাদেশের গোলরক্ষক শেষ শট সেভ করায় ৩-২ স্কোরলাইনে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
এর আগে গত মাসে ঢাকায় কমলাপুরে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল।