চবি'র উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. সেকান্দার চৌধুরী

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০৩-০৬ ১৩:৫৫:০৬
image
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী। আজ বুধবার (০৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ও বিশ্ববিদ্যালয় আইন অনুসারে অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ করা হলো। উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এছাড়াও উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন; তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান; তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উল্লেখ্য, অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী ১৯৬১ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগীর সম্ভ্রান্ত গোলাম আলী চৌধুরীর বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে কৃতিত্বের সাথে বিএ অনার্স ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে স্নাতকোত্তর পর্যায়ে ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেন। তিনি ১৯৮৭ সাল থেকে একই বিভাগে প্রভাষক হিসেবে হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে একই বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ২০০৩ সালের ১ আগস্ট তিনি বিভাগটির সভাপতির দায়িত্ব পালন করছেন। দেশে এবং বিদেশে স্বীকৃতমানের জার্নালে তাঁর অনেক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আওয়ামীলীগ নেতৃত্বাধীন 'হলুদ দল' এর আহবায়ক, ইস্টডেল্টা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন পর্ষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।