রী তা রা য়

  • ওরা আসে চুপিচুপি
  • ২০২৪-০৩-০৫ ১৮:৩৬:২৫
image

ফাল্গুনের ঝিরিঝিরি বাতাসের সকাল
নিয়ে এলো এক মস্ত বার্তাঃ

দেখ, কৃষ্ণচূড়া ভরেছে লালে লালে
রাঙ্গা ঊষালগ্নে বয় মৃদুল বাতাস।
কোকিলের কুহুরবে জাগে ভোরের রবি
জ্যোৎস্নাময়ী রাত ফাগুনের কি শান্তরূপ।
খুলে দাও জানালা, দেখো কি উদার আকাশ!
অজস্র নক্ষত্রাদি জ্বলজ্বল করে গগনাঙ্গনে।
ওই বুঝি ওরা এলো!
উত্তরের আকাশে জোট বেধে ভির করে আছে।
তীক্ষ্ণ দৃষ্টিপাত করে প্রিয় জন্মভূমির পানে
কত আশা,কত আবেগ, কত ভালোবাসা ওদের মনের কোণে।
ওরা দেখে,শুধু দেখে
৫২ এর ফেব্রুয়ারি দিয়েছিল যে দান! 
বাংলার জনগণ রেখেছে কি তার মান?
রোপিত হয়েছে যে পুষ্পক বিথীকা
ফুটেছে কি তাতে ফুল,মৌ মৌ করছে কি পুস্প সৌরভে?

ওরা আরো ক্রমশ জ্বলজ্বল করে ভির করে ভোরের আকাশে
উদগ্রীব হয়ে থাকে, কখন কাটবে অমানিশা
পুব আকাশে সুর্যনগর থেকে ছুটবে রাঙাঘোড়া? 
ওরা কান পেতে শোনেঃ
আধো আলো,আধো আধারে নগ্নপদে কারা ধীরলয়ে
চলে হয়ে শৃঙ্খলিত পুস্প হাতে কন্ঠ বিষাদ ভরা গানে
ওরা শোনে, আরো শোনে ভালো করে কান পেতে
কন্ঠ রুদ্ধ হয়ে আসে,দু' চোখ বেয়ে ঝরে অশ্রুজল
স্নিগ্ধতা মেশানো রাঙা ঊষায়,রাঙা পুস্প করে বরিষণ
শান্ত হয়ে আসে ওরা
রাঙারোদে দেখে স্নিগ্ধ বাংলা,
আবার মিলিয়ে যায় নীল নীলিমায়।
কারণ ওরা আসে চুপিচুপি, আবার চলে যায়।