পশ্চিমবঙ্গে জয়ের টার্গেট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-০৩ ১০:০৫:৫৩
image

শনিবার (২রা মার্চ) নদীয়ার কৃষ্ণনগরের জনসভায় আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জয়ের টার্গেট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪২টি আসনেই বিজেপির জয়ের প্রতিশ্র“তি চেয়েছেন তিনি। এসময় স্লোগান দিয়ে বলেন, এইবার এনডিএ সরকার, ৪০০ পার। 
বাংলার জনগণের কাছে এ প্রত্যাশার কথা জানান মোদি। 
পশ্চিমবঙ্গে দুইদিনের সফরের শেষ দিনে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠের জনসভায় যোগ দেন মোদি। সেখানে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে জনসভায় যোগ দিয়ে রাজ্যের বিভিন্ন প্রকল্পে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি।
এসময় মোদি বলেন, মা-মাটি-মানুষের নাম করে তৃণমূল মা-বোনদের ভোট নিয়েছে। আর এখন মা-মাটি-মানুষ সবাই তৃণমূলের কুশাসনের কারণে কান্না করছে। তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি, পরিবারতন্ত্র, বিশ্বাসঘাতকতা, অত্যাচার। দুর্নীতি ইস্যুতে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এভাবেই সমালোচনার তীরে বিদ্ধ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।