মোহামেডানে সাকিবের হ্যাটট্রিক হার

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২১-০৬-১০ ১০:৪৯:৪৫
image
স্পোর্টস ডেস্ক: ব্যাটে-বলে ফের ব্যর্থ হলেন সাকিব আল হাসান। আর অধিনায়কের ব্যর্থতার দিনে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হ্যাটট্রিক হারের স্বাদ পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার (১০ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে মোহামেডান ৯ উইকেটে হেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রূপগঞ্জের বোলারদের তোপে ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রানের মামুলি সংগ্রহ পায় মোহামেডান। ব্যাট হাতে একাই লড়াই করেছেন সাত নম্বরে নামা শুভাগত হোম। ৩২ বলে ১টি চার ও ৫টি ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন তিনি। রূপগঞ্জের সোহাগ গাজী, মোহাম্মদ শহিদ, নাইম ইসলাম ও কাজী অনিক ২টি করে উইকেট নেন। ১১৪ রানের সহজ লক্ষ্য ১১ বল বাকি রেখেই ছুঁয়ে ফেলে রূপগঞ্জ। ওপেনার পিনাক ঘোষ অপরাজিত ৫১, মেহেদি মারুফ ৪১ ও সাব্বির রহমান অপরাজিত ১৪ রান করেন। ম্যাচ সেরা হন রূপগঞ্জের সোহাগ গাজী। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে রূপগঞ্জ।