আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের হৃদরোগ বিশেষজ্ঞরা অত্যন্ত নিপূণভাবে ও দক্ষ হয়ে কাজ করছেন৷ যেকোন দেশের সাথে তালমিলিয়ে চলার দক্ষতা রাখেন।
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশন এবং যুক্তরাষ্ট্রের ইন্টারভেনশনাল একাডেমির উদ্যোগে আয়োজিত হৃদরোগ বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি এসময় আরো বলেন, এই মুহুর্তে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিপুল জনগোষ্ঠীকে মানসম্পন্ন ও সহজলভ্য চিকিৎসা সেবা প্রদান করা। বাংলাদেশে জনসংখ্যার অনুপাতে চিকিৎসক ও নার্সের সংখ্যা কম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ডাক্তার ও নার্সদের আন্তরিক হয়ে দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদানে অগ্রাধিকার দিতে হবে।
চিকিৎসকদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, তারা যেন খেয়াল রাখেন, কেবল অর্থের অভাবে যেন চিকিৎসা সেবা থেকে কেউ বঞ্চিত না হয়। তিনি মন্তব্য করেন, চিকিৎসা পেশা কেবল অর্থ উপার্জনের জন্য নয়, মানবসেবাই এর উদ্দেশ্য।
কিছু চিকিৎসকের জন্য গণমাধ্যমে নেতিবাচক ও মানহানিকর সংবাদ আসছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এসব চিকিৎসকের বিষয়ে সতর্ক থাকতে হবে। অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ভুয়া ডাক্তাররা যেন প্রতারণা করতে না পারে সে দিকেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এসবের বিরুদ্ধে সরকারের পদক্ষেপকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।