তোমার সাথে পরিচয়ের পর...
অঙ্কুরিত নতুন পত্রের মতো সতেজ হয়ে উঠলো আমার মন
ফুলের বনে নেচে বেড়ানো প্রজাপতির মতো কি অদ্ভুত চঞ্চল !
সৃজনশীল প্রজনন তন্ত্রে সৃষ্টি হলো নতুন নতুন কাব্য ভ্রুন,
নিয়মের পরোয়া না করে হারিয়ে গেলাম অদ্ভুত দূরন্তপনায়।
তোমার সাথে পরিচয়ের পর ....
মধ্যবয়সে ফিরে এলো অবিশ্বাস্য তারুণ্য,
হৃদয় বাশরিতে বেজে উঠলো অনবদ্য সুরের ঝঙ্কার
চৈত্রের মরা নদী যেনো খুঁজে পেলো মোহনা,
দিকভ্রান্ত নাবিকের তীর খুঁজে পাওয়ার মতো কি অসহ্য আনন্দ।
তোমাকে দেখার পর...
আনন্দ স্রতে লেপটে গেলো জোড়া চোখের মোটা কাজল
উচ্ছ্বসিত কন্ঠ নত হয়ে গেলো লজ্জাবতীর পাতার মতো,
সূর্য্যমুখী ফুলের মতো ঠাঁয় দৃষ্টি আমার তোমার দিকে
আঁধারে শিউলি ফোটার মতো পিনপতন নীরবতায় আমরা।
তোমাকে দেখার পর...
স্বপ্ন আঁকা চোখ শুধুই সুখের পরশ বুলায়
বাতাসে ঢেউ খেলা ধানের শীষের মতো মাতাল হৃদয়,
মিলনের কেন্দবিন্দুতে থেকেও সংশয়!
জোয়ারের জলে উপছে পড়া নদীও যে নাব্যতা হারায় !