ন ন্দি নী আ র জু

  • পথের ধ্বনি
  • ২০২৪-০২-১৯ ১৬:৪৯:৪৫
image

কুয়াশার ভিতর পবিত্র অবগাহন সেরে নিচ্ছে
বৃক্ষরাজি, শীতার্ত প্রকৃতির ভারাক্রান্ত দীর্ঘশ্বাস
ঘোলাটে স্থবির, তবুও দিঘল রাস্তার সমান্তরালে
ধ্বনিত জীবনের পদসঞ্চার... 

পৃথিবীর রাত্রি-স্নানে ভেজা পথের বিস্তার; পাতায়
ঘাসে পিপাসিত মলিনতা ধুয়ে--দূর দৃষ্টিতে
ছায়া ফেলে কুয়াশা কুণ্ডলী! মিহি ধূসরতা ভাঙে
বিমলিন ভোর! আকাশে উষার উদার উদ্ভাস। 
এখানে জবুথবু বেসাতির রোয়াকে ধূমায়িত উত্তাপ--- 
সবই বিশদ চেনা।  

পথযোগে আরগ্য পাঠের  নিরলস প্রচেষ্টা, হয়তো নয়
বাহুল্য বা উচ্চকিত, জীবনের নির্মাণ গুণে নিচ্ছি
আঙুলের ধারাপাতে---

প্রতিটি পদক্ষেপ যুগপৎ উপলব্ধি ছুঁয়ে, সড়কের শরীরে
সুস্থির আয়ু্ষ্কাল আর প্রান্তিকের সমানুপাত।

বন্ধু আইডি: ৪৯০