লুটনের বিপক্ষে হইলুন্দের জোড়া গোলে ইউনাইটেডের টানা চতুর্থ জয়

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-১৯ ০৯:৫৯:২৯
image

রবিবার প্রিমিয়ার লিগে লুটনের মাঠে প্রথম মিনিট গড়ানোর আগেই জোরালো শটে ম্যানচেস্টার ইউনাইটেডকে লিড এনে দেন রাসমুস হইলুন্দ।৩৭ সেকেন্ডে করা তার গোলটি চলতি প্রিমিয়ার লিগে ইউনাইটেডের দ্রুততম গোল।
ঘরের মাঠে লুটনও সমতায় ফিরল কয়েক মিনিটের মধ্যেই।তবে ১৫ তম মিনিটে ফের এগিয়ে যায় ইউনাইটেড। এবারও গোলদাতা হইলুন্দ।
বাংলাদেশী মুদ্রায় ৮৭৩ কোটি টাকায় কেনা এই তারকার জোড়া গোলেই রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ ব্যবধানে জিতেছে ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম ১৪ ম্যাচে হইলুন্দের ছিল না কোনো গোল। তবে আজ নিয়ে টানা ৬ ম্যাচে জালের দেখা পেলেন এই ডাচ ফরোয়ার্ড।প্রিমিয়ার লিগে এই প্রথম কোনো ম্যাচে জোড়া গোলের দেখাও পেলেন তিনি।
পিছিয়ে পড়া লুটন অবশ্য ঘরের মাঠে সমতায় ফিরতে জোর প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল। শেষ দিকে একের পর এক আক্রমণ করতে থাকে পয়েন্ট তালিকার তলানির দলটি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে  গোল পেয়েও যেত তারা, লুটন তারকা রস বার্কলির হেড ক্রসবারের ওপরের অংশে লাগে।আর তাতে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলসরা। 
হইলুন্দের সৌজন্যে ধারাবাহিকভাবে জয় পেতেও শুরু করেছে এরিক টেন হেগের দল।আজ মিলিয়ে লিগে টানা চার ম্যাচ জিতল ইউনাইটেড। 
টানা জয়ে প্রিমিয়ার লীগে বিবর্ণতার প্রথম ভাগ কাটানো ইউনাইটেড ঘুরে দাঁড়িয়েছে পয়েন্ট টেবিলও।এক সময় আট নম্বরে নেমে যাওয়া দলটি এখন শীর্ষ চার থেকে মাত্র ৫ পয়েন্ট দূরে। ২৫ ম্যাচে ১৪ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৪৪।তাদের ওপরে টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৪৭। আর চার নম্বরে অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৯।