আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে রাজধানীতে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেলের পিক আওয়ারে অন্তর্বর্তী বিরতির সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিট করা হয়েছে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক জানিয়েছেন, আজ সকাল থেকেই কার্যকর হয়েছে এ সিদ্ধান্ত। অফিসগামী নাগরিকদের দূর্ভোগ কমাতেই নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।
এ সিদ্ধান্ত কার্যকর করতে মেট্রোরেলে যুক্ত করা হয়েছে নতুন ২৬টি ট্রেন। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত পিক আওয়ার শুরু হয় সকাল ৭টা ৩১ মিনিটে এবং শেষ হয় সকাল ১১টা ৪৮ মিনিটে। অন্যদিকে, মতিঝিল থেকে পিক আওয়ার শুরু হয় সকাল ৮টা ১ মিনিটে আর অব্যাহত থাকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত।
তবে উত্তরা উত্তর থেকে সকাল ১১টা ৪৯ মিনিট থেকে বিকেল ৩টা ১২ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ার ধরা হয়েছে। আর মতিঝিল থেকে দুপুর ১২টা ৯ মিনিট থেকে বিকেল ৩টা ৫২ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ার ধরা হয়েছে। এই সময়ে আগের মতই ১২ মিনিট পর পর আসবে মেট্রোরেলের ট্রেন।
অন্যদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ৩টা ১২ মিনিট থেকে রাত ৮টা ১১ মিনিট পর্যন্ত পিক আওয়ার ধরা হয়েছে। এ সময় ৮ মিনিট পর পর মেট্রোরেল চলবে। আর মতিঝিল থেকে বিকেল ৩টা ৫৩ মিনিট থেকে পিক আওয়ার ধরা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত সময়টাকে স্পেশাল অফ পিক আওয়ার ধরে ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবার মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ার বিবেচনা করে ১০ মিনিট পর পর মেট্রোরেল চলাচলের সিদ্ধান্ত হয়েছে।
তবে, রাত ৮টার পর মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেলে শুধুমাত্র এমআরটি এবং র্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীরাই ভ্রমণ করতে পারবেন।