ভালোবাসার দিবস কী রে?
নিত্যদিবস ভাবনা আমার তোর 'ভালো'-কেই ঘিরে!
বুকের জমিন বর্গা দিলাম, করিস চাষাবাদ;
পাথর আমি তোর বসুুধায় পলিমাটির ছাঁদ।
আবেগ কি আর দিবস বোঝে? বোঝে সাবেক বিধি?
ছায়াপথের সমান আমার বুকের পরিধি।
তোর বিহনে ভেতর বাহির মাতায় হাহাকার;
আবেশ মাখা দিবসগুলোই স্বপ্ন-সমাচার।
ভালোবাসার দিবস কেন?
সম্ভাবনার ভাবনা যেন খিল দিয়ে আটকানো!
বর্ষ জুড়ে প্রতিটা ক্ষণ, এক একটা দিন
তোর বিহনে আমার থাকে বোধের কাছে ঋন।
তোর সায়রের নাবিক আমি মাতাল ক্ষ্যাপার মতো,
তোর আকাশের বৈমানিকও উতাল ঘুড়ির মতো,
তোর ভীরুতার নভোনীলের নভোচারীও আমি,
তোর বিহনেই বারোটা মাস এমন পাগলামী!
ভালোবাসার দিবস কেমন?
তিন প্রহরের দিবসগুলোয় ইচ্ছে থাকে যেমন!
সেদিন কি আর অন্যরকম ভিন্ন সূর্যোদয়!
দিন শুরুতে তোর ভাবনায় আমার প্রভাত হয়,
দিনের মাঝে 'তুই আবেশে'-ই জড়িয়ে আমি থাকি,
'তুই বিহনে আমি'-ই হলাম সর্বোত্তম ফাঁকি!
দিনের শেষে তোর খেয়ালেই সূর্য আমার ডোবে,
স্বপ্নরাতেও আশংকাতে...দুঃখ তোকে ছোঁবে!
প্রেম প্রকাশের প্রহর যদি দিন তারিখে বাঁধিস,
বস্তুতঃ প্রেম মিথ্যে হবে, যতোই গলা সাধিস!