চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শাহরিয়ার আহমেদ জয় ওরফে বাদল (২০) নামে ওই ভটভটির চালক নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত মঙ্গলবার(১৩ ফেব্রæয়ারী) রাত সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের খেসবা গ্রামে নাচোল থেকে মল্লিকপুরগামী আঞ্চলিক সড়কে সেতুর নিকট বাঁক নেবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশে উল্টে যায় ভটভটিটি। এতে ঘটনাস্থলে আহত হন বাদল ও ভটভটিতে বসা তাঁর চাচা। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদলকে রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন। তার চাচাকে চিকিৎসা দেয়া হয়েছে। বাদল নওগাঁর নিয়ামতপুর উপজেলার চৌপুকুরিয়াপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে।
নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) জামিলুর রহমান বলেন, চাচা-ভাতিজা নওগাঁর আদমপুর খড়িবাড়ি হাট থেকে ভটভটিতে আলু বোঝাই করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা বাজারে এসেছিল। সেখানে আলু নামিয়ে রাতে ফেরত যাবার পথে ভটভটির নিয়ন্ত্রণ হারিয়ে বাদলের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধারের পর সুরুৎহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় নাচোল থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে বলেও জানান উপ-পরিদর্শক জামমিলুর।