জননিরাপত্তা রক্ষায় যেকোনো অশুভ তৎপরতা মোকাবিলায় সতর্ক থাকতে হবে-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-১২ ২২:১৯:০৯
image

সোমবার (১২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণ মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে। যেকোনো পরিস্থিতি সামাল দেয়ার মতো সক্ষমতা আছে বাংলাদেশের। জননিরাপত্তা রক্ষায় যেকোনো অশুভ তৎপরতা মোকাবিলায় সতর্ক থাকতে হবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।
গাজীপুরের সফিপুরের আনসার-ভিডিপির সমাবেশে তিনি একথা বলেন।
আনসার বাহিনীর ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতীয় যেকোনো প্রয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচি প্রতিহত করে জাতীয় সম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা।
প্রধানমন্ত্রী আরও বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বাহিনীটিকে আরও স্মার্ট ও আধুনিক করতে কাজ করছে সরকার।
এর আগে সোমবার সকাল ১০টার পর গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ছাদখোলা জিপে প্যারেড পরিদর্শন করেন তিনি। ঘুরে দেখেন বিভিন্ন কন্টিনজেন্টের জমায়েত। প্রধানমন্ত্রীকে প্যারেডের মাধ্যমে সালাম জানায় আনসারের বিভিন্ন ইউনিট। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অভিবাদন গ্রহণ করেন তিনি। এ সময় বাহিনীতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পর্যায়ের ১৮০ জনকে আনসার পদক পরিয়ে দেন সরকারপ্রধান।

অশুভ তৎপরতা মোকাবিলায় সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
সমাবেশে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম আমিনুল হক, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. নূরুল হাসান ফরিদী, বাহিনীর উপমহাপরিচালক, অন্যান্য কর্মকর্তা ও আনসার- ভিডিপির সদস্যরা।