সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলে যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-০৮ ২৩:৪৯:৪১
image

সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও ভারতকে।নাটকীয়তায় ভরপুর ঢাকায় ফাইনাল খেলায় রেফারির ভুলে একবার ভারতকে জয়ী ঘোষণার পর আবার সেটা প্রত্যাহার করে ম্যাচ কমিশনার। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যায় ভারতীয় নারী দল। নির্ধারিত সময় পার হওয়ার পর, ভারতের সাথে আলোচনা করে দু’দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে সাফ কর্তৃপক্ষ। 
এই ম্যাচের মধ্য দিয়ে ঢাকায় সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নাটকীয়তায় ভরপুর এক ফাইনাল দেখলো ফুটবল ভক্তরা। এক গোলে এগিয়ে থেকে ভারত যখন শিরোপা জয়ের প্রস্তুতি নিচ্ছিল, খেলার ৯০ মিনিটের শেষ দিকে গোল করে তাদের সেই স্বপ্ন ভেঙ্গে দেয় বাংলাদেশের সাগরিকা। তার গোলে নির্ধারিত সময়ে খেলায় ১-১ এ সমতা আনে বাংলাদেশ। খেলা গড়ায় টাইব্রেকে। 
সাফ ফুটবলের ইতিহাসে প্রথমবার দু’দলের ১১ জন ফুটবলারের শট জালে জড়ায়। এরপর ম্যাচ রেফারির টস করে ভারতকে জয়ী ঘোষণা করেন। ম্যাচ রেফারির সিদ্ধান্তে আপত্তি জানায় বাংলাদেশ। পরে ম্যাচ কমিশনার আবার টাইব্রেক আয়োজনের সিদ্ধান্ত দেন। কিন্তু সেই সিদ্ধান্ত মানেনি ভারত। 
মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে ভারতীয় দলের মেয়েরা। আর মাঠে অপেক্ষা করতে থাকে বাংলাদেশ দল। মাঠে ও মাঠের বাইরে দফায় দফায় বৈঠক করে আয়োজকরা। শেষে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 
কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে, ম্যাচের শুরুতে ভারত এগিয়ে যায়। স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধে খেলায় সমতা আনতে পারেনি বাংলাদেশ। বেশ কয়েকবার ভারতের রক্ষণভাগকে বেকায়দায় ফেললেও, বাংলাদেশ গোল পায়নি। নির্ধারিত ৯০ মিনিটের খেলার শেষ দিকে বাংলাদেশ সমতা আনে। এরপর টাইব্রেকেও খেলার ভাগ্য নিষ্পত্তি না হলে খেলার নাটকীয়তা জমে ওঠে। 
পরে দু’দলের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।