দর্শকনন্দিত অভিনেতা আহমেদ রুবেল শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হলেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-০৮ ২৩:৩৯:১০
image

দর্শকনন্দিত অভিনেতা আহমেদ রুবেল  শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হলেন। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রয়াত শিল্পীর কফিনে দীর্ঘদিনের সহকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এমন অকাল মৃত্যুতে বাকরুদ্ধ সবাই। পরে, চ্যানেল আই কার্যালয়ের সামনে আহমেদ রুবেলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গাজীপুরে দ্বিতীয় জানাজা শেষে সমাহিত করা হবে এই শিল্পীকে।  
আহমেদ রুবেলকে আনা হলো জাতীয় শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে। কদিন আগেও যে রুবেল প্রাণবন্ত হয়ে এসেছেন, এবার এলেন কফিনবন্দি হয়ে। 
অভিনেতা আহমেদ রুবেলের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি অঙ্গণের ব্যক্তিত্বরা। প্রয়াতের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন তারা। গুণী এই অভিনেতার মৃত্যু ছড়িয়েছে শোকের ছায়া। 
আহমেদ রুবেল অভিনীত সবশেষ ছবি 'পেয়ারার সুবাস’ এই শিল্পীর নামে উৎসর্গ করার জানালেন পরিচালক। 
পরে তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ের সামনে শিল্পীর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে দেহ নিয়ে যাওয়া হবে গাজীপুরে। সেখানে জানাজা শেষে গাজীপুর কবরস্থানে দাফন করা হবে। 
বুধবার সন্ধ্যায় তাঁর অভিনীত ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে অংশ নিতে যাওয়ার সময় হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন ৫৬ বছর বয়সী আহমেদ রুবেল। 
আহমেদ রুবেল ছিলেন একাধারে থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। ‘ঢাকা থিয়েটার’ এ আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। ২০০৫ সাল থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছিলেন। ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’ ও ‘গেরিলা’র মতো দর্শকনন্দিত চলচ্চিত্রে অভিনয় করেছেন এই শিল্পী।