জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নের ঘটনায় বাকবিশিস'র উদ্বেগ
- হাসান মেহেদী:
-
২০২৪-০২-০৭ ২০:১৪:৪৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌননিপীড়নের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষার্থী কর্তৃক তাদের পরিচিতজনের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। প্রশাসনের ছত্রছায়ায় সরকার সমর্থিত ছাত্রসংগঠনের বিপদগামী কিছু সদস্য দিনদুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে ডেকে এনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের মতো এমন ন্যাককারজনক ঘটনা ঘটিয়েছে, যা অভিভাবকদের পাশাপাশি পুরো শিক্ষকসমাজকে স্তম্ভিত ও উদ্বিগ্ন করে তুলেছে। এটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও কর্তৃপক্ষের দায়িত্ব পালনকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেন শিক্ষক নেতারা । তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রী হেনস্তার ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি করেন বাকবিশিস নেতারা।
বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীদের পূর্ণ নিরাপত্তা বিধান করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।