লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে ভেঙে
কথা ছিলো উঠে আসার এই সুুউচ্চ ভবনের চিলেকোঠায়
কথা ছিলো খোলা আকাশের নীচে বসে
ভালোবাসার কথাগুলো বলা নিরালায়।
সময় বয়ে যায়,অপেক্ষা হয়ে গেলো অলসতা
ধৈর্য তখন ভীরুতার দীর্ঘ ছায়ার আড়ালে
বিশ্বাস নেই সংখ্যাজ্যোতিষে,তবু বারবার মনে পড়ে
'তোমার পথ কন্টকময়,সামনের দিনগুলো সংকটময়'
তাইতো দেখছি, তুমি এখনো বাড়ির গেট অবধি আসতে পারোনি।
আমি আসছি
পথের অবরোধগুলো ভেঙে ভেঙে
সিনেমার নায়কের মতো নয়,
কখনো সামনে কখনো পিছনে সরে
কখনো কমান্ডো কখনো ভিখারী সেজে
আমি সামনে এগিয়ে যাচ্ছি তোমার দিকে
শত্রুকে শেষ করে করে পথের মোড়ে মোড়ে।
তুমি আসবে,এটাই একমাত্র সত্য
তোমার আসার পথ কেউ আটকিয়ে রাখতে পারবে না
শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে
তুমি আসবে বলে,তোমাকে আনবো বলে।