দিনাঙ্কের বর্ষপঞ্জি পুরনো হয় নব
আগমনে, অতীতের দুঃখ গ্লানি, মোহ
আর আত্ম-বিস্মৃতির বিমূর্ত ছবিতে,
জমে ছিলো পুরনো কান্না হাসি।
আজ নববরণে আকাশ বর্ণময়,
উজ্জ্বল আতশ আর মত্তরাত্রির
বিলাস চারিদিকে! তবু এখানে
ক্লান্ত আঁধার, জীর্ণ যাপন নোনাক্ষয়ে;
নতুন পৃষ্ঠায় নতুন দিনক্ষণ ধূসর চিহ্ন আঁকে।
হিসাবি পরিক্রমা-চক্রে দিন মাস সপ্তাহ
আসে নবতর, নতুন যোগে অধিক জীর্ণ হয়
জীবন, পুরাতন হই আমিও--
প্রাচীনতর পৃথিবীর জোয়ার ভাটায়।
ঘুণে ধরা আসবাব, দেয়ালে নুনদাগ ক্রমশ বাড়ে...
সিঁথির রেখা আরও সাদা হয়!
শুনি অমোঘ প্রস্থানে বিয়োগের অখণ্ড-স্বর।
জৌলুসহীন উৎসব তবু দেয়ালে
প্রতিধ্বনি তোলে, নতুনে পা রাখি --
জীর্ণ আমি, আগামীর পাতা ঝরা প্রাচীন অশ্বত্থের মতো।
(বন্ধু আইডি নং: ৪৯০)