গর্ভকালীন সেবা কার্ড নিতে দিতে হচ্ছে টাকা, লাইভে চেয়ারম্যানের প্রতিবাদ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০২-০৪ ২৩:০৩:৩১
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভকালীন সেবা কার্ড নিতে চিকিৎসককে নগদ টাকা দিতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার এ সংক্রান্ত ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা খোশনেয়ার ডলির বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন সেবা গ্রহণকারী সানজিদা নামে এক নারী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী।
নাম প্রকাশে অনিচ্ছুক আরও একাধিক ব্যক্তি জানান, তারা সেবা গ্রহণের পরে সেবাকার্ড পেতে প্রত্যেকে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা  খোশনেয়ার ডলিকে ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে খোশনেয়ার ডলি বলেন, কিছু স্থানীয় লোকজন গর্ভবতী রোগি না এনেই কার্ড নিতে চেয়েছিলেন। আমি না দেওয়াতে তারা আমার বিরুদ্ধে এসব অপপ্রচার করছে। চেয়ারম্যান কেনো লাইভে একই অভিযোগ করলো জানতে চাইলে ডলি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, সরকার গরিব মানুষের কথা চিন্তা করে এসকল সেবা চালু করেছে। অথচঃএরকম দুর্নীতির কারনে সেবাপ্রার্থীরা দিশেহারা হয়ে পড়ছে।
মেডিকেল কর্মকর্তা (এমসিএইচ-এফসি)ডাক্তার ফাহাদ আহমেদ বলেন, এ বিষয়ে উপজেলা কর্মকর্তা আমাকে মৌখিক ভাবে জানিয়েছেন। তবে এ সম্পর্কে আমি এখনও কিছু জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বিষয়টি তদন্তে কোনো লিখিত পেলে তখন এটি নিয়ে কাজ করবো।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে খবর নিতে উপজেলা মেডিকেল অফিসার ফাহাদ আহম্মেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।