দুর্দান্ত ঢাকার বিপক্ষে ১৫ রানের জয় পেল সিলেট স্ট্রাইকার্স

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-০৩ ০০:১৩:৫৭
image

সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের চলতি আসরে তারা খুব একটা খারাপ দলও গড়েনি। তবুও কাঙ্ক্ষিত জয় পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ষষ্ঠ ম্যাচ পর্যন্ত। প্রথম জয়টাও এলো নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে। অধিনায়কের আর্মব্যান্ড পেয়ে মোহাম্মদ মিঠুন দুর্দান্ত ঢাকার বিপক্ষে দলকে সামনে থেকে জয়ের নেতৃত্ব দিয়েছেন। অবশেষে ১৫ রানের ব্যবধানে ‘অধরা’ জয় ধরা দিলো সিলেটের।
শুরুতে ব্যাট করে দুর্দান্ত ঢাকাকে ১৪৩ রানের টার্গেট দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। ২০ ওভার শেষে ৮ উইকেটে এই রান সংগ্রহ করে দলটি।
সিলেটের শুরুটা ছিলো নড়বড়ে। উদ্বোধনী দুই ব্যাটসম্যানই নাজমুল হাসান শান্ত এবং শামসুর রহমান পাওয়ার প্লের মধ্যেই আউট হয়ে যায়। কোন রান না করেই শামসুর রহমান এবং ৩ রানে আউট হন নাজমুল শান্ত। দুজনকেই শিকার করেন শরিফুল ইসলাম।  
এরপর দলের হাল ধরেন বিদেশি ক্রিকেটার সমিত প্যাটেল। আরাফাত সানির বলে আউট হওয়ার আগে তিনি ৩২ বলে ৩২ রান করেন। এরপর মোহাম্মাদ মিথুন বাদে সিলেটের আর কেউই সেই অর্থে ঢাকার বোলিংয়ের সামনে দাড়াতে পারেনি। তাঁর ৪৬ বলে ৫৯ রানের সুবাদে সম্মানজনক স্কোর ১৪২ করে দলটি। 
ঢাকার হয়ে শরিফুল ইসলাম ৪ উইকেট শিকার করেন। এছাড়া আরাফাত সানি ২টি, তাসকিন আহমেদ এবং উসমান কাদির একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাটে নেমে ঢাকার কেউই ইনিংস লম্বা করতে পারেননি। ব্যাটে নেমে ঢাকার দলীয় ১৪ রানে উদ্বোধনী ব্যাটার সায়েম আউব এলবিডাব্লিউর ফাঁদে পড়েন। ৯ বল খেলে ১৩ রান করেছিলেন তিনি। আরেক উদ্বোধনী ব্যাটার মোহাম্মাদ নাঈম ৬ বলে মাত্র ২ করতে পেরেছিলেন। এরপর মাঠে নামা সাইফ হাসান রান আউট হওয়ার আগে ১৯ বলে ১৭ রান করেন। অ্যালেক্স রোজ ১৮ বলে ২০ রান করে সাজ ঘরে ফিরেন। অধিনায়ক মোসাদ্দেক হোসেন ১৪ বলে ১১ রান করেন। শেষ দিকে তাসকিন আহমেদ ১১ বলে ২৭ রানের ক্যামিও খেলেন। কিন্তু তাঁর সেই ঝড়ো ইনিংস জয়ের জন্য যথেষ্ঠ ছিলো না। ফলে ৯ উইকেটে ১২৭ রানে থেমে যায় ঢাকার ইনিংস।
সিলেটের  হয়ে রিচার্ড নাগারভা ৪টি উইকেট, রেজাউর রহমান ২টি এবং  নাঈম হাসান, বেনি হোয়েল  ১টি করে উইকেট লাভ করেন।