অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৩টি স্কেভেটর ও ৭টি ড্রাম ট্রাক জব্দ
- হাসান মেহেদী :
-
২০২৪-০২-০১ ১৭:৪৮:২২
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে উপজেলা প্রশাসন পৃথক অভিযান চালিয়ে ৩টি স্কেভেটর ও ৭টি ড্রাম ট্রাক জব্দ করেছে। বুধবার রাত বারোটা থেকে পরদিন বৃহস্পতিবার বিকাল তিনটা পর্যন্ত উপজেলার হেয়াকো মুহাম্মদপুর, নারায়ণহাটের হালদা ভ্যালি চা বাগান, বাগানবাজানের গার্ডের দোকান ও সুয়াবিল এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর, বনবিভাগ, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, করেরহাট বনবিটের অধীন হেয়াকোর মুহাম্মদপুর এলাকায় রিজার্ভ বনাঞ্চলের সড়কের পাহাড় কাটার দায়ে ১টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক, সুয়াবিলে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ২টি ড্রাম ট্রাক, বাগানবাজারে পাহাড় কাটায় ১টি স্কেভেটর ও ৩টি ড্রাম ট্রাক এবং হালদা ভ্যালি চাবাগান কর্তৃপক্ষ কৃষি জমির টপসয়েল কাটায় ১টি স্কেভেটর এবং ১ টি ড্রাম ট্রাকসহ সর্বমোট ৩টি স্কেভেটর ও ৭টি ড্রামট্রাক জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, পাহাড় কাটা ও ফসলী জমির মাটি কাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।