মেসি-সুয়ারেজের দল ইন্টার মায়ামিকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে আল হিলাল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-৩০ ১০:০০:৫৬
image

মেসি-সুয়ারেজের দল ইন্টার মায়ামিকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে আল হিলাল।রিয়াদ সিজন কাপে প্রথমার্ধ শেষে ৩-১ গোলে এগিয়ে ছিল সৌদি প্রো লিগের ক্লাবটি। 
বিরতির পর ঘুরে দাঁড়িয়ে দুই গোল শোধ করে ম্যাচে ফিরেছিল মেজর লিগ সকারের (এমএলএস) দল মায়ামি। কিন্তু ৮৮ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকমের গোলে জয় নিশ্চিত হয় আল হিলালের।
মায়ামির হয়ে প্রথমার্ধে গোল পেয়েছেন সুয়ারেজ। বিরতির পর পেনাল্টি থেকে ২০২৪ সালে নিজের প্রথম গোল করেন মেসি। তবে আল হিলাল ম্যাচের ১৩ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। 
১০ মিনিটে দলীয় আক্রমণ থেকে জোরাল শটে গোল করেন আল হিলাল তারকা আলেক্সান্দার মিত্রোভিচ। ৩ মিনিট পরই মায়ামির ডিফেন্ডার অ্যালেনের ভুলের সুযোগ নিয়ে গোল করেন আল হামদান। শুরুতে ২ গোল করে এই প্রীতি ম্যাচকে জমিয়ে তুলেছিল আল হিলাল।
মায়ামির ঘুরে দাঁড়ানোর চেষ্টায় প্রথম সাফল্যটা সুয়ারেজের। ৩৪ মিনিটে দলীয় আক্রমণ থেকে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন উরুগুয়ে। ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে সেটি গোলের রায় দেন রেফারি। মায়ামির হয়ে এটি সুয়ারেজের প্রথম গোল, প্রাক মৌসুম সফরে ক্লাবটির প্রথম গোলও। তার আগে গোলের দুটি ভালো সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। একটি শট বাইরে মারেন। অন্যটি ঠেকান আল হিলাল গোলকিপার আলওতায়ান। 
তবে হতাশা নিয়েই প্রথমার্ধ শেষে মাঠ ছেড়েছে মায়ামি। কারণ ৪৪ মিনিটে আল হিলালের মিশেল দেলগাদোর গোলে স্কোর লাইন দাঁড়ায় ৩-১। শুধু তাই নয়, গোলটি হজমের আগে মেসি আল হিলালের জালে একবার বল পাঠিয়েছিলেন। কিন্তু সে যাত্রায় অফ সাইড ছিলেন সুয়ারেজ।
৫৪ মিনিটে ডেভিড রুইজ আল হিলালের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় মায়ামি। স্পটকিক থেকে গোল তুলে নেন মেসি। এক মিনিট পরই রুইজের গোলে সমতায় ফেরে মায়ামি। এরপর দুই দলই যেন খেলায় ঢিল দিয়েছিল। ম্যাচটি যখন রোমাঞ্চকর ড্রয়ের দিকে এগোচ্ছিল তখনই ম্যালকমের গোলে! ৮৮ মিনিটে ইয়াসির আল শাহরানির ক্রস থেকে হেডে গোলটি করেন এই ব্রাজিলিয়ান।
প্রাক মৌসুমে ৩ ম্যাচ খেলেও এখনো জয়শূন্য মায়ামি। এল সালভাদরের সঙ্গে ড্রয়ের পর এফসি ডালাসের কাছে হেরেছিল তারা। এবার হার মানতে হলো নেইমারের ক্লাব আল হিলালের কাছেও। বৃহষ্পতিবার আল নাসরের বিপক্ষে সৌদি আরবে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মায়ামি।