সা ল মা বে গ

  • কবুল আলহামদুলিল্লাহ
  • ২০২৪-০১-২৯ ২১:১৬:৩৫
image

স্বপ্ন দেখেছি নীল শাড়ি পরে সমুদ্রতীরে যাবো
হাঁটতে হাঁটতে দিগন্ত পাড়ে নীলাকাশটাকে ছোঁবো,
সময় পেরুলে বালিকাসুলভ আচরণ যায় খোয়া
পুতুল খেলার সাথিরা সবাই যেন বিস্মৃত ধোঁয়া।
সানাই বাজিয়ে শেকড় হারিয়ে গিয়েছি গোপাট ভুলে
বেনারসি-তলে অসহায় চোখে বৃষ্টি ঝরেছে ফুলে।
নেশায় রক্ত শিকারীর চোখে লেলিহান শিখা পোড়ে
শিকারীর ভয়ে হরিণ-শাবক কাঁপে তিরতির করে;
অবলা নারীর ভেঙে যায় মন আব্দার মানে যতো
লাজুক কিশোরি পড়ে থাকে যেনো আহত পাখির মতো।
তছনছ করে শিকারি শরীর ভেসে যায় বুক ঘামে
শিশির মাখানো জল ভরা চোখে বৃষ্টির ধারা নামে।
নারীর জীবনে কখনো জোটে না বকুল ফুলের মালা
বোঝে না কখনো কেউ ডানা ভাঙা কাতর পাখির জ্বালা।
শূন্য হৃদয় ছাড়খার হয় সকাল-সন্ধ্যা জুড়ে
মোহনীয় রূপ বিষণ্ণ থাকে ধ্বংসস্তুপে পুড়ে।
রূপের কাঙাল লাবণ্য ছুঁয়ে ফুলবাবু হয়ে ঘোরে
শিউলি ফুলের বুকের গহীনে বাজে কান্নার স্বরে।
পথের উপর পড়ে থাকা ফুল পায়ের তলায় দ'লে
অস্তিত্বের শেকড়  হারায় গোপন ব্যথার পলে।