৩০ দিনের মধ্যে মার্কিন ও ব্রিটিশদের ইয়েমেন ছাড়তে বললো হুথি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-২৫ ২৩:৪১:৪৮
image

বুধবার (২৪ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাতিসংঘ ও সানাভিত্তিক মানবিক সংগঠনে কর্মরত ব্রিটিশ ও মার্কিন নাগরিকদের এক মাসের মধ্যে ইয়েমেন ছাড়ার নির্দেশ দিয়েছে ইরানপন্থি হুথি কর্তপক্ষ। 
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানপন্থি গোষ্ঠীটির সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের একাধিক হামলার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে হুথি কর্তৃপক্ষ। 
জাতিসংঘের ভারপ্রাপ্ত মানবিক সমন্বয়কারী পিটার হকিন্সকে হুথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, মার্কিন ও ব্রিটিশ নাগরিকত্ব থাকা কর্মকর্তা ও কর্মীদের ৩০ দিনের মধ্যে ইয়েমেন ছাড়ার প্রস্তুতি নিতে হবে।
চিঠিতে আন্তর্জাতিক সংগঠনগুলোকে ইয়েমেনের কোনও কার্যক্রমে ব্রিটিশ ও মার্কিন নাগরিকদের নিয়োগ দিতে নিষেধ করা হয়েছে।
এ বিষয়ে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, চিঠি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত। তবে ইয়েমেনে জাতিসংঘ বা আন্তর্জাতিক মানবিক সংস্থার হয়ে তারা কথা বলতে পারে না।
এদিকে ব্রিটিশ দূতাবাস বলেছে, ব্রিটিশ কর্মীদের এখনও চলে যেতে বলা হয়নি। বিষয়টি নিয়ে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
ইয়েমেনের ব্রিটিশ মিশন এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের জনগণকে জাতিসংঘ অত্যাবশ্যকীয় সহায়তা প্রদান করে থাকে। এমন কিছু করা উচিত নয় যা জাতিসংঘকে বাধাগ্রস্ত করবে।