গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শর্মিলা ঠাকুরের সৌজন্য সাক্ষাৎ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-২৪ ২৩:০৮:৩৭
image

আজ বুধবার (২৪শে জানুয়ারি) বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নেতৃত্বে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসা শিল্পীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শর্মিলা ঠাকুর ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে গত ১৯শে জানুয়ারি ঢাকায় আসেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর, চলচ্চিত্র অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং চলচ্চিত্র পরিচালক সোহিনী ঘোষ। বৈঠককালে তাঁরা চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
শাহরিয়ার আলম এমপি ও রেনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জাবাল এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের এ বৈঠকের তথ্য জানান।