আহমদ উল্লাহ্ (ক.) মাইজভাণ্ডারীর ওরসে লাখো ভক্তের ঢল

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০১-২৪ ২০:০৯:৩৩
image

লাখো ভক্তের অংশগ্রহণে বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর ১১৮তম উরস্ শরিফ আজ (২৪ জানুয়ারি) বুধবার মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্রপৌত্র  শাহ্ সুফি হযরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর জ্যেষ্ঠ পুত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর নামে প্রতিষ্ঠিত গাউসিয়া হক মনজিলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গতকাল বাদ আসর  রওজা গোসলের পর খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান এবং মিলাদ পাঠের মাধ্যমে উরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। ৯ মাঘ হতে দেশের দূর-দূরান্ত হতে বিপুল ভক্ত-আশেকের সমাগম ঘটে। রাতে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর সাংস্কৃতিক সংগঠন ‘মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী’র শিল্পীরা সামা মাহফিলে সুফি সংগীত পরিবেশন করেন।

গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র ১১৮তম উরস শরিফ উপলক্ষে তাঁর রওজা শরিফকে ঘিরে ভক্ত জনতা দোয়া, দুরূদ, মিলাদ, কিয়াম ও জিকির আজকারে মশগুল থাকেন।  অলির উসিলায় নিজেদের হাজত মকসুদ পূরণ ও আল্লাহ্ পাকের নৈকট্য অর্জনের অশ্রুসিক্ত ফরিয়াদ জানান ভক্ত জনতা।
রাত বারটায় কেন্দ্রীয় মিলাদ মাহ্ফিল ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন, শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।