কিছুটা সুখ স্পষ্ট হয়ে থেকে গেছে বুক ছুঁয়ে
কষ্টরা পাখা মেলে উড়ে গেছে তখনই ফেরারি পথে।
আমি গন্তব্যে ফিরছি, ফেরার প্রতিশ্রুতি ঠোঁটে
আমাদের আবারও দেখা হবে, কথা হবে আবেগে।
আবারও মিলিত হব কখনো যেকোনো অবসরে
আবারও আসব আমি অন্য পথে একই গন্তব্যে
দেখা হবেই ক্রমাগত, বিরতি থাক, একটু দূরত্ব
ভালোবাসা বুঝুক ততদিনে, কাকে বেশি প্রয়োজন
এটা চলতে থাক প্রিয়তমা, বুঝুক মন, জানুক কিছু
তুমি কে আমি কে, আমাদের মধ্যে বসে আছে কে?
জেনে নিক এই অনুপস্থিত সময় ও মুহূর্তের হিসেব
জানুক দুটি অস্তিত্ব তৃতীয়র বন্ধনে কে কাকে ডাকে!
আরও স্বচ্ছ হোক আমাদের দৃষ্টি, আমাদের আকাঙ্ক্ষা
আরও দৃঢ় হোক বন্ধন, তৃতীয় অস্তিত্বের উপস্থিতিতে।
কাছে ও দূরের এই টানাটানির খেলায় স্থায়ী হোক জয়
নিশ্চিত হোক আমাদের দুটি মন তিনটি অস্তিত্ব বোধ
ক্রমাগত চলুক এসব বোঝাপড়া, চলুক হিসেব নিকেশ।