না জ মু ল হ ক স র কা র

  • উষ্ণতার অন্বেষা
  • ২০২৪-০১-১৮ ১১:০১:৫৪
image

একটু উষ্ণতার খোঁজে 
বার বার ছুটে আসি আমি 
নীরবে বাঁচিয়ে রাখা সেই ভালোবাসার দুয়ারে,
সে যে করেছে গ্রাস আমার সকল উষ্ণতা 
চুপিসারে কুয়াশার চাদরে।

রুদ্ধতার মাঝে থেকে আজ
হিম শীতল হয়ে জিইয়ে রয়েছে উন্মত্ত ভালোবাসা,
আমার অব্যক্ত প্রেমের শরীরে
শুধু তোমাকেই পেতে চাই এই মন 
উষ্ণ ঠোঁটের পরশে- এ কোন অভিলাষা! 

উপলব্ধির তলানিতে পড়ে রয়েছে উষ্ণতা 
আধজাগরণে, চেতনা যাকে খুঁজে হৃদয় কোণে
সকাল-সন্ধ্যা, রাত-দিনভর..
একটু উষ্ণতা আর উষ্ণ আলিঙ্গনে মত্ত হতে
অতৃপ্ত এই অন্তর।

একচিলতে স্বপ্ন নিয়ে আজও অনুভব করি 
স্মৃতির অন্তরালে ডুবে যাওয়া- 
তোমার কোমল ঠোঁটের উষ্ণতা,
তাই তো ....
তুমি ছিলে- আজও আছো, থাকবে তুমি এই মনে
সংগোপনে জড়িয়ে ধরে- বুকের ঘরে এক কোণে।