স্বর্ণ চোরাচালান নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষের গুলিতে ঝিনাইদহের মহেশপুরে শামীম হোসেন ও মন্টু মণ্ডল নামে দুই জন নিহত হয়েছে।বুধবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, বাঘাডাঙ্গা গ্রামের শামসুল হকের ছেলে শামীম হোসেন (৪০) এবং নয়ন মণ্ডলের ছেলে মন্টু মণ্ডল (৫৫)।
এ ঘটনায় শামীমের পিতা শামসুল হক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত আকালে পলাতক রয়েছে।
জানা যায়, পূর্ব থেকেই সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান নিয়ে মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের আকালে নামের এক ব্যক্তির সাথে বিরোধ ছিল শামীম হোসেন, রাফি এবং মন্টু মন্ডলের। এই বিরোধের জেরে আজ বিকালে মন্টু ও শামিম সহ কয়েকজন একই গ্রামের আকালে’র বাড়িতে হামলা করে। এসময় আকালে দৌড়ে তার বাড়ির ছাদের উপর উঠে যায়। পরে সে ছাদ থেকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। গুলিতে মন্টু ঘটনাস্থলেই নিহত হয়। এসময় স্থানীয়রা আহত শামীম ও তার পিতা শামসুলকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শামীম কে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ শামসুলকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, নিহত, আহত ও হামলাকারী সকলেই স্বর্ণ চোরাকারবারী ছিল। এ নিয়ে দ্বন্দের জেরেই গুলি ও হত্যার ঘটনা ঘটেছে।