টাঙ্গাইলে নাতির লাঠিত আঘাতে দাদা নিহত

  • আব্দুস সাত্তার,
  • ২০২৪-০১-১৭ ২২:৩৪:৫৭
image

প্রতিনিধি,টাঙ্গাইল: 
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে নাতি রাব্বীর লাঠির আঘাতে দাদা  আব্দুল মান্নান (৭০) খুন হয়েছেন। বুধবার(১৭ জানুয়ারি) সকালে পুলিশ নিহত আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। নিহত আব্দুল মান্নান ওই গ্রামের মৃত ময়নুদ্দিনের ছেলে। এ ঘটনার পর তার নাতি রাব্বী ও রাব্বীর মা পলাতক রয়েছেন। অভিযুক্ত রাব্বীর বাবা হায়দর আলী প্রবাসী।
নিহত আব্দুল মান্নানের ছেলে হাফিজ ও প্রতিবেশিরা জানায়,মঙ্গলবার(১৬ জানুয়ারি) সন্ধ্যায় দাদা আব্দুল মান্নানের সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে নাতি রাব্বী ও তার মায়ের ঝগড়া হয়। একপর্যায়ে রাব্বী তার দাদা আব্দুল মান্নান ও দাদি মোছা. হাওয়া বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন আহতাবস্থায় আব্দুল মান্নান ও মোছা. হাওয়া বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তাদের মধ্যে আব্দুল মান্নানের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর(রেফার্ড) করেন। ঢাকা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। 
কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ফারুক জানান, নিহত আব্দুল মান্নানের লাশ উদ্ধার করে ময়াতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।