সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের কান্না

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৪-০১-১২ ১৩:৫২:৩৯
image

‘শিউলী উঠে দরজাটা লাগিয়ে দাও।আমি জরুরী কাজে মিরপুর যাচ্ছি।ফেরার পথে বাজার করে আনবো।সুমীর পছন্দের বার্গার,শম্পার ক্যাডবেরী,মীমের চিপস আর আরিয়ানের জন্য দুধ নিয়ে আসবো’।২০১৮ সালের ২৩ এপ্রিল সকালটা শিউলীর জন্য সুখস্মৃতি দিয়ে শুরু হলেও ঘন্টাখানেক পর সে সকালটা হয়ে ওঠে হাহাকার মিশ্রিত এক অসহনীয় জীবন যুদ্ধের বিশাল ক্যানভাস।‘প্রতিটি দুঃখের জীবনগাথার পেছনে থাকে কোন না কোন সুখের উপাখ্যান’।

মিজান কাজীর সুখের সংসার।২০১৮ সালের ২৩ এপ্রিল সে ৩৯ বছরের এক টগবগে যুবক।পেশায় চালক।রাজধানীর নগর পরিবহন ‘শেকড়’ কোম্পানীর চালক সে।প্রিয়তমা স্ত্রী শিউলী আক্তার,৩ মেয়ে ১ ছেলে নিয়ে সুখের সংসার।রাজধানীর বাসাবো-সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় থাকে।বড় মেয়ে মারিয়া আক্তার সুমী এবং মেঝ মেয়ে মহিমা আক্তার শম্পা কদমতলা স্কুল এন্ড কলেজের ৯ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী।ছোট মেয়ে ক্লাস ওয়ানে আর একমাত্র ছেলে দেড় বছরের আরিয়ান কাজী সারা ঘর-উঠান হাটিহাটি পা পা করে হেসে খেলে পুরো পরিবারকে মাতিয়ে রাখে।বাবা মা বোনদের নয়নের মনি যেন সে।
সৌরভ ছড়ানো শিউলী ফুল যেমন একটা সময় গাছ থেকে ঝরে পড়ে, আনন্দে আবেগে গাঁথা শিউলী ফুলের মালা যেমন একটা সময় শুকিয়ে সৌরভহীন ফ্যাকাসে হয়ে যায় তেমনি ২৩ এপ্রিলের আনন্দ-ভালোবাসায় শুরু হওয়া সকালটা ঘন্টা খানেকের মধ্যে শিউলী আক্তারের জীবনের সকল সৌরভ,সকল আনন্দকে দুমড়ে-মুষড়ে এক বিভীষিকাময় জীবনের সামনে এনে দাঁড় করায়।
সেদিন মিজান কাজীর অফ ডে ছিল।বিশেষ কাজে খুব ভোরে ৫টা সাড়ে ৫টার দিকে বউ বাচ্চাদের ঘুমে রেখেই সে বের হয়ে যায় মিরপুরে যাবে বলে।হাসিমুখে স্বামীকে বিদায় দিয়ে শিউলী দরজা লাগিয়ে বাচ্চাদের পাশে শুয়ে পরে।ঘন্টা খানেক পর শিউলীর মোবাইলে কল, দ্রুত ঢাকা মেডিকেলে যেতে বলে।তার স্বামী মিজান কাজী গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি।বিছানা থেকে লাফ দিয়ে ওঠে শিউলী।চোখে অন্ধকার দেখে,মাথা ঘুরে বিছানায় পরে যায়।চোখের সামনে পুরো পৃথিবী বিবর্ণ হয়ে ওঠে।বিছানা থেকে কোন রকম উঠে চোখে মুখে পানি দেয়।বড় মেয়েটাকে ডেকে তোলে।মেঝ মেয়ের কাছে ছোট বাচ্চা দুটোকে রেখে দ্রুত হাসপাতালে ছুটে যায়।যেতে যেতে ঢাকার আত্মীয়-স্বজনদের খবর দেয়।এর পরের কাহিনীটা অত্যন্ত হৃদয়বিদারক।হাসপাতালে মিজান কাজীর নিথর দেহ দেখে শিউলী ও তার মেয়ে সুমীর আর্তচিৎকারে আশপাশের বাতাস ভারী হয়ে ওঠে।বারবার মুর্ছা যেতে থাকে শিউলী।চোখের সামনে সাজানো সংসার ভেঙ্গে চুরমার হয়ে যায়।মিজানবিহীন সংসারে তার সন্তানদের কি হবে?কিভাবে মানুষ করবে তাদের?কোথায় যাবে?কি খাবে?পরেরটুকু শিউলীর মুখেই শুনি- 
আমার বয়স তখন ২৯/৩০।আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে।৩ মেয়ে এক ছেলেকে নিয়ে যাও্য়ার যায়গা নেই।শ্বশুর বাড়ি চাঁদপুর।শ্বশুর-শ্বাশুড়ি কেউ বেঁচে নেই।ভাসুর-দেবরদের অবস্থা ভাল না।বাচ্চাদের নিয়ে সেখানে থাকবো তারও সুযোগ নেই।মিজানকে তার বাবা মা’র পাশে কবর দিয়ে ফিরে এলাম ঢাকায়।বাচ্চাদের মুখের দিকে তাকাতে পারিনা।প্রতিদিন ওদের বাবা কিছু না কিছু হাতে করে নিয়ে আসতো ওদের জন্য।এখন সেটা বন্ধ।মিজানের স্বপ্ন ছিল মেয়েদের উচ্চ শিক্ষিত করবে।এখন আমি কি করি,সংসার চালানোর টাকা কই পাই,ওদের লেখা পড়ার খরচ কোথা থেকে পাই চিন্তায় চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়ি।মিজান বাসা থেকে বের হয়ে গুলিস্তান যেয়ে ‘বেস্ট’ কোম্পানীর বাসে করে মিরপুর যাচ্ছিল।পুরানা পল্টনে ‘সু-প্রভাত’ কোম্পানীর বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ৬-৭ জন আহত হয়।তাদের মধ্যে মিজানের অবস্থা ছিল গুরুতর।সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মিজানকে মৃত ঘোষণা করেন।মাত্র ১ ঘন্টার ব্যবধানে আমার সুন্দর সুখের দুনিয়া অমানিশার অন্ধকারে ভরে যায়।আল্লাহর ওপর গভীর আস্থা রেখে শুরু হয় আমার জীবন সংগ্রাম।মেয়েদের স্কুল বন্ধ করি না।আমি কাজের খোঁজ করি।পাশাপাশি মিজানের হত্যার প্রতিকার পেতে থানা,পুলিশ,ডিসি অফিস,কোর্ট দৌড়ঝাপ করতে থাকি।অসহায় পরিবারের জন্য সাহায্য চেয়ে কত জায়গায় গেছি,হাত পা ধরে কেঁদেছি কিন্তু কারো দয়া হয়নি।ঘরের জিনিসপত্র বিক্রি করে,নিজের গয়না বিক্রি করে ঢাকায় বাসা ভাড়া,সংসার চালানো,আর বাচ্চাদের লেখাপড়া চালিয়ে যেতে থাকি।বড় মেয়ে দুটোকে এসএসসি পাশ করাই।কলেজেও ভর্তি করাই কিন্তু টাকার অভাবে আর পড়াতে পারিনি।এই সমাজে একটা মেয়ের জীবনযুদ্ধ চালিয়ে যাওয়া কত যে কঠিন সেটা যে করেনি সে বুঝবে না।নিজের লোকেরাও বাঁকা চোখে দেখে।নানা মন্তব্য করে।মেয়েরা বড় হইছে।পুরুষ মানুষের চোখ পরতে থাকে।আমি ভয়ে থাকি,কখন কি ঘটে যায়।আত্মীয়-স্বজনের হাত পা ধরে কিছু টাকা জোগার করে বড় মেয়েটাকে বিয়ে দেই।৩ বাচ্চা নিয়ে ইচ্ছার বিরুদ্ধে যেতে বাধ্য হই বাবার বাড়ি ময়মনসিং্যের ভালুকায়।
বাবা ছিলেন বীরমুক্তিযোদ্ধা,বিডিআরে চাকরি করতেন।বাবা আর একটা বিয়ে করেছিলেন।আমার মায়ের ঘরে আমরা ৬ বোন ও তিন ভাই।বড় ভাই মারা গেছেন।মেঝ ভাই বাড়িতে উঠতে দেয় না।আজ এখানে,কাল বোনের বাড়ি করতে হয়।উপায় অন্ত না পেয়ে মায়ের ঘরে উঠি।মেঝ ভাই মারধোর করে।হাসপাতালে ভর্তি হতে হয়।এলাকার মানুষজনও কোন প্রতিবাদ করে না।আমার স্বামী নেই,বাচ্চাদের ভাল পোশাক নেই এসব জেনে ও দেখে যদি মেঝ ভাইইয়ের ছেলে মেয়ের বিয়ে না হয় এই অযুহাতে আমায় সে বাড়ি থাকতে দিতে চায় না।এলাকার মেম্বার-চেয়ারম্যানের কাছে বলেও কোন প্রতিকার পাইনি।প্রধানমন্ত্রীর একটা ঘরের জন্য ইউওএনও স্যারের কাছে গেছি কয়েকবার।কোন কাজ হয় না।এভাবেই চলছে আমার জীবন।এরমধ্যেই মেঝ মেয়েকে বিয়ে দিয়েছি এলাকায়।এখন দুই বাচ্চা নিয়ে আমি এখন ভাসমান।মা বলেছে ঘর করার জায়গা সে দেবে,হৃদয়বান কেউ যদি আমায় একটা ঘর করে দেয় তাহলে ছোট বাচ্চা দুটোকে নিয়ে মাথা গুঁজতে পারি।আমি কৃতজ্ঞতা জানাই নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন স্যারের প্রতি।তিনি আমার কথা শুনেছেন।সাধ্যমত সাহায্য করেছেন।আমাকে তাঁর সংগঠনের কর্মী করেছেন।
সড়ক দুর্ঘটনায় নিহত এবং চিরতরে পঙ্গু এমন হাজারো শিউলী,মিজানদের কাহিনী আছে।প্রসঙ্গত আরো দু’একটি বলতে চাই।এই যেমন-
বগুড়ার পোড়াপাড়া মুরইল গ্রামের আব্দুল মালেক।  এক সড়ক দুর্ঘটনায় ভেঙ্গে গেছে হাত পায়ের হাড়।  হাটা চলা ফেরা করা তার পক্ষ্যে দুষ্কর।  পরিবারে দুজন সদস্য মালেক এবং তার বৃদ্ধা স্ত্রী।  সন্তান থেকেও আজ নেই কেউ খোঁজ খবর রাখেনা।খেয়ে না খেয়ে দিন যাপন চলে তার।  
পুর্বে বেশ স্বচ্ছল অবস্থা ছিলো মালেকের।কয়েক বছর আগে তার নাতিকে নিয়ে মেয়ের বাসায় যাচ্ছিলেন।  এমন সময় একটি ট্রাক এসে তাদের চাপা দেয়।ঘটনাস্থলেই কোলের নাতিটি সেখানে ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে মারা যায়।মালেকের হাত পা সব মিলেয়ে ৩৬স্থানের হাড় ভেঙ্গে যায়।টানা দু’মাস হাসপাতালে পড়ে ছিলেন।  এরপর ডাক্তার তাকে পরামর্শ দেন পা কেটে ফেলার।কিন্তু তিনি রাজি হননি।এরপর থেকে সেভাবেই কোন রকমে বেঁচে আছেন মালেক।দুর্ঘটনার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়।এক ছেলে,সেও বিয়ের পর থেকে রাখেনা বাবা মায়ের কোন খোঁজ খবর।   
বর্তমানে মালেক সুস্থ্য তবে শরীরের ভাঙ্গা হাত পা নিয়ে কোন রকমে চলছে জীবন। গত বছর এই পরিবারের পাশে দাড়িয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলন।  মালেকের অস্বচ্ছল পরিবারকে সাবলম্বি করতে নিসচার পক্ষ্য থেকে তাকে দেয়া হয় ছাগল ও নগদ অর্থ।  মালেক সেই ছাগল এর পাশাপাশি নগদ অর্থ প্রাপ্তির পর সে টাকায় হাস মুরগী ক্রয় করে বাড়িতে লালন পালন করা শুরু করেন।বর্তমানে তার সেই ছাগল প্রসব করেছে দুটি বাচ্চা ও হাস মুরগী গুলোও দিন দিন বেড়েই চলছে।
এদিকে,পাইকগাছা পৌর সভার ৬ নং ওয়ার্ডের বাসিন্ধা মনিরুল ইসলাম।পেশায় খুলনা পাইকগাছা সড়কে চলাচলরত বাসের হেলপার।বিবাহিত জীবনে একমাত্র ছেলে প্রতিবন্ধী। প্রতিবন্ধী ছেলেটার নাম তাওসিফ মাহমুদ।বর্তমানে তার বয়স (১৭)।তারপরও দিনকাল ভালই যাচ্ছিল তানজিলা-মনিরুলের সংসারে।১০ বছর পৃর্বে একদিন বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার মনিরুল ইসলাম নিহত হয়। তানজিলা প্রতিবন্ধী ছেলে ইমরানকে নিয়ে চারিদিকে অন্ধকার দেখতে থাকেন। দীর্ঘ সময় পার হলেও জীবন যৌবন বিসর্জন দিয়ে তানজিলা অন্যত্র বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন গোটা ৫০।তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বছরের পর বছর পার করে চলেছেন।সবাই খোচাঁ দিয়ে দুঃখ শুনাতে আসেন,সহযোগিতা নয়।
সড়ক দুর্ঘটনায় নিহত পরিবার তানজিলাকে নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে প্রদান করা হলো বাচ্ছা সহ দুটি ছাগল।দুঃখি তানজিলার ভাঙ্গা ঘরে যেন চাঁদের আলো দেখা দেয়। দানকৃত দুটি ছাগলকে মমতা দিয়ে লালন করতে গিয়ে বছর না ঘুরতেই এক ছাগলের তিনটা বাচ্ছা দিয়েছে।সেই সাথে ছোট্ট যে মায়ের সাথে বাচ্ছাটা ছিলো সেও দ্রুত বাচ্ছা দিবে।সব মিলিয়ে তানজিলার এক বছরে ছাগল এখন ৫ টা। আবার বাচ্চা হবে ছাগলদের।নিসচার নান্দনিক পদক্ষেপ দেখে পাইকগাছা উপজেলা প্রশাসন জনাব ইলিয়াস কাঞ্চনকে ধন্যবাদ প্রদান করেন। 
অপরদিকে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা আবু সুফিয়ান মুন্সী।স্ত্রী রাবেয়া বেগব,৭ম শ্রেণী পড়ুয়া এক মেয়ে আর মমতাময়ী মাকে নিয়ে স্বচ্ছল পরিবার ছিল তার।পারিবারিক কাজে চাঁদপুর শহরে যায় আবু সুফিয়ান।কাজ সেরে ফেরার পথে শহরের বলাখাল এলাকায় ট্রলি-সিএনজি-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন আবু সুফিয়ান।কোমর থেকে বাম পায়ের অংশ মারাত্মকভাবে ভেঙ্গে যায়।ঘটনাটি ২০২১ সালের ৪ ফেব্রুয়ারীর।ছেলের এই অবস্থা দেখে মা হার্টফেল করে মারা যান।স্বচ্ছল পরিবারটিতে নেমে আসে অমানিশার গাঢ় অন্ধকার।জায়গা জমি বিক্রি করে চিকিৎসা খরচ চালাতে যেয়ে সর্বশান্ত আবু সুফিয়ানের পরিবার।সংসারে তিনবেলা খাও্য়া জোটে না।মেয়েটার লেখাপড়ায় ছেদ পড়েছে।এই অবস্থা অবগত হয়ে নিসচা থেকে রাবেয়াকে একটি সেলাই মেশিন দেয়া হয়েছে। 
এবার এক সিএনজি চালকের কাহিনী শোনাতে চাই।চালকের নাম আব্বাস আহমদ।কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার সাহারবিল এলাকায় তার বাড়ি।স্ত্রী,ছেলে-মেয়ে,বাবা-মা নিয়ে সুখের সংসার ছিল আব্বাসের।প্রতিদিনের আয় থেকে সংসারের খরচ বাদে কিছু কিছু জমছিল একটা পাকা বাড়ি তুলবে সেই আশায়।কে জানতো আচমকা এক দমকা বাতাসে আব্বাসের সকল স্বপ্ন তাসের ঘরের মত উবে যাবে!সেদিন বদরখালি থেকে ৫ জন যাত্রী নিয়ে চকোরিয়ার দিকে আসছিল আব্বাস।পথিমধ্যে দরবেশঘাটায় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে আব্বাসের সিএনজির।সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুষড়ে যায়।ঘটনাস্থলে সিএনজিতে থাকা ৫ যাত্রীর ২ জন মৃত্যুবরণ করেন।অন্যরা মারাত্মকভাবে আহত হন।আব্বাসের দু’টি পা কেটে ফেলতে হয়।চোখের পলকে সাজানো গোছানো সংসার তছ নছ হয়ে যায়।থমকে যায় পরিবারটি।মৃত্যু ঘটে স্বপ্নের।নিসচা পরিবার থেকে আব্বাসের স্ত্রীকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

এরকম হাজারো দুঃখ গাথা জীবনের গল্প আছে আমাদের আশে পাশে।এসব গল্পের পাল্লা ভারী হচ্ছে প্রতিদিন।সড়ক দুর্ঘটনায় দৃশ্যমান ক্ষতির পাশাপাশি অদৃশ্যমান ক্ষতিও কিন্তু কম নয়।অদৃশ্যমান ক্ষয়-ক্ষতির মধ্যে রয়েছে–মানসিক যন্ত্রণা,দুর্দশা,দুর্ভোগ এবং দুর্ঘটনায় পতিত হওয়ার ঝুঁকি।নব্বই উর্ধ একজন মমতাময়ী মা আজও তার ছোট ছেলের চাঁদর গায়ে বসে থাকে।ছেলেটা উচ্চ শিক্ষার্থে জাপান সরকারের বৃত্তি পেয়েছে।যাও্যার প্রস্তুতিও প্রায় শেষ।ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় সে।এই মানসিক যন্ত্রণা কেমন করে ভুলবে তার পরিবার!তাইতো ছেলের স্পর্শ পেতে আজও মা ছেলের চাঁদর গায়ে বসে থাকে।২২ বছরের টগবগে তরুন।একমাত্র ছেলেকে মা বাবা সখ করে বিয়ে করালো।একদিন পর বউভাত।ছেলে মোটরসাইকেলে এলিফ্যান্টরোডে গেল শেরওয়ানি আনতে।ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নেই হয়ে গেল।এই পরিবারের মানসিক যন্ত্রণার পাল্লা কতটা ভারি!পরিশেষে আশাবাদ,নিরাপদ সড়ক আন্দোলনে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ একদিন আমরা একটা নিরাপদ সড়ক আচরণবিধি হাতে পাব,যা সড়কে অযাচিত দুর্ঘটনা বা বিপত্তি থেকে মুক্ত করার প্রচেষ্টায় অন্যতম অনুঘটক হিসেবে কাজ করবে।পাশাপাশি,সড়ক নিরাপত্তা বিষয়টি উন্নয়নের মূলধারার কর্মকাণ্ডের অংশ হিসেবে সরকারি কর্মপরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাবে।